দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সকালে উপজেলার কটকস্থল ও দক্ষিণ বিজয়পুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকার শারমিন ক্লিনিকের সামনে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত রহমান বাবু (৩২) নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আসাদুল ইসলাম (৩১) গুরুতর আহত হয়েছেন।
নিহত আরাফাত রহমান বাবু দুই সন্তানের জনক। তিনি আশোকাঠী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত পুত্র। আহত আসাদুল ইসলামও একই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাজবী পরিবহনের বাসটি শারমিন ক্লিনিকের সামনে থাকা গতিরোধক অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটির চালক ও আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। আহত আসাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে একই মহাসড়কের কটকস্থল এলাকায় আরেক দুর্ঘটনায় নিহত হন মেহেদী হাসান তুরাগ (৩২)। তিনি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে এবং বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই।
তুরাগের সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেলে ঢাকা থেকে বাবুগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। কটকস্থল এলাকায় পৌঁছালে তুরাগের মোটরসাইকেলটি মহাসড়কের মাঝখানে থাকা একটি খাদে পড়ে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, শুক্রবারের দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় জড়িত ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় এখনো শনাক্ত করা যায়নি। দুই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/